ইরানের সাথে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প

বিশ্লেষকদের মতে, এই সংলাপ মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে “খুব ভালো” আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহের শুরুতেই উভয় পক্ষের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ইরান খুব আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় বলে মনে হচ্ছে। আমরা খুব ভালো আলোচনা করেছি।”

ট্রাম্প আরো জানান, চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী সপ্তাহের শুরুতে নতুন করে আলোচনা বসবে। বিশ্লেষকদের মতে, এই সংলাপ মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে একই দিনে হোয়াইট হাউস জানায়, ইরান থেকে পণ্য আমদানি করে—এমন যেকোনো দেশের ওপর ‘সেকেন্ডারি ট্যারিফ’ বা গৌণ শুল্ক আরোপের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সমঝোতার প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শুল্ক আরোপের ফলে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল