ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইল একটি গণহত্যামূলক সামরিক অভিযান শুরু করে, যা মানবাধিকার সংস্থা ও জাতিসঙ্ঘের কর্মকর্তারা গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। এরপর থেকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযানে ৭৩ হাজার ৬৫১ জন ফিলিস্তিনিকে হত্যা এবং আরো এক লাখ ৭৪ হাজার ৫৭৫ জনকে আহত করেছে ইসরাইল।
বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ১৭টি লাশ এসেছে। এর মধ্যে পাঁচজন সদ্য নিহত, একজন আঘাতে মৃত এবং ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা ১১টি লাশ রয়েছে। এছাড়া ২৭ জন আহত ফিলিস্তিনিও রয়েছেন।
সংস্থাটি আরো জানায়, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে এক হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে এবং আরো চার হাজার ৪৬৪ জন আহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত মোট ৮১৫টি লাশ উদ্ধার করা হয়েছে।
ওয়াফার মতে, স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন যে, বেশ কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
সূত্র : মিডল ইস্ট আই



