ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
ইসরাইল ও হামাসের আলোচকরা ৬ জুলাই থেকে দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সেখানে মার্কিন-সমর্থিত ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলমান রয়েছে। এর আওতায় গাজা থেকে বন্দীদের পর্যায়ক্রমে মুক্তি, ফিলিস্তিনি ভূখণ্ডের কিছু অংশ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং সংঘাতের অবসান নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, রোববার ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে তিনি ‘আশাবাদী’।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা একটি চুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে। তবে গাজা উপত্যকা থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের বিষয় নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে মতপার্থক্য রয়েছে।
সূত্র : আল জাজিরা



