যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফার বৈঠক আগামী ৪ থেকে ৬ আগস্ট ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে দক্ষিণ লেবাননের দুটি ‘পাইলট জোন’ থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।
গত সপ্তাহে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি প্রথম এই বৈঠকের ঘোষণা দেন। পরে পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা আলোচনার বিস্তারিত জানান।
ওই কর্মকর্তা বলেন, ‘রোমে অনুষ্ঠেয় বৈঠকে কারিগরি পর্যায়ের প্রতিনিধিরা কাঠামোগত চুক্তির পূর্ণ বাস্তবায়ন এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা করবেন।’
তিনি জানান, আলোচনার এজেন্ডায় থাকবে পাইলট জোনের পরিধি ধাপে ধাপে সম্প্রসারণ, সীমান্ত-সংক্রান্ত সব অমীমাংসিত বিষয়ের সমাধান এবং একটি পূর্ণাঙ্গ শান্তি ও নিরাপত্তা চুক্তির লক্ষ্যে অগ্রগতি।
গত ২ মার্চ ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই কাঠামোগত চুক্তির উদ্যোগ নেয়া হয়। বৃহত্তর মধ্যপ্রাচ্য সঙ্ঘাতের প্রেক্ষাপটে ওই যুদ্ধ শুরু হয়েছিল।
চুক্তি অনুযায়ী, লেবাননে যুদ্ধের অবসান, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবাননে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং দুটি ‘পাইলট জোন’ থেকে ধাপে ধাপে ইসরাইলি বাহিনীর প্রত্যাহারের কথা রয়েছে।
মার্কিন কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক পাইলট জোনগুলোর অভিজ্ঞতা ভবিষ্যতে এই প্রক্রিয়াকে আরো কার্যকর করতে সহায়তা করবে, যাতে ধাপে ধাপে এর পরিধি বাড়ানো যায়।’
এদিকে, রোববার লেবাননের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে ইসরাইলের চলমান সামরিক অভিযানকে নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, এসব অভিযান কাঠামোগত চুক্তি অনুযায়ী দক্ষিণে লেবাননের সেনাবাহিনীর পূর্ণ মোতায়েনের পথে বাধা সৃষ্টি করছে।
অন্যদিকে, বৈরুত জানিয়েছে, সঙ্ঘাতের তীব্রতা কমে এলেও দক্ষিণ লেবাননে ইসরাইলের বিচ্ছিন্ন বিমান হামলা ও গোলাবর্ষণ এখনো অব্যাহত রয়েছে।
সূত্র : বাসস



