গাজায় যুদ্ধ সম্প্রসারণে ৫০ হাজার রিজার্ভ সৈন্য বাড়ানোর পরিকল্পনা ইসরাইলের

ইসরাইলি সরকার গাজায় চলমান সামরিক অভিযানে আরো ৫০ হাজার রিজার্ভ সৈন্য যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজা
ইসরাইলের আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান সম্প্রসারণে ৫০ হাজার রিজার্ভ সৈন্য যুক্ত করার অনুমোদন দিতে চলেছে ইসরাইলি সরকার। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে সাড়ে চার লাখে পৌঁছবে।

সোমবার (২৬ মে) ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আনাদোলু অ্যাজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সরকার গাজায় চলমান সামরিক অভিযানে আরো ৫০ হাজার রিজার্ভ সৈন্য যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে চার লাখ ৫০ হাজারে পৌঁছবে। সোমবার জেরুসালেমে সিটি অফ ডেভিডে এক বৈঠকে এ অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ।

ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বর্তমানে ইসরাইলের রিজার্ভ সৈন্য সংখ্যা চার লাখ, যা ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত ৫০ হাজার বাড়িয়ে চার লাখ ৫০ হাজারে উন্নীত করা হবে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এই বৃদ্ধির ফলে রিজার্ভ সৈন্যদের পরিষেবা অব্যাহত রাখার সুযোগ থাকবে। বর্তমানে যেসব রিজার্ভ সৈন্য সক্রিয় দায়িত্বে রয়েছেন, তারা আগত মাসগুলোতেও যুদ্ধ ও সামরিক অভিযানে যুক্ত থাকতে পারবেন।

তবে ইসরাইলের ভেতরে থেকেই এ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। মাদার্স অন দ্য ফ্রন্ট লাইন নামের এক সংগঠনের সহপ্রতিষ্ঠাতা আয়েলেত হাশাচার সাইদোফ বলেন, ‘আমরা চাই নেতানিয়াহুর যুদ্ধ বন্ধ হোক। এ যুদ্ধ এক ধর্মীয়ভাবে বাধ্যতামূলক সেনা সেবায় অস্বীকৃতিকারী সরকারকে রক্ষা করছে।’

ইসরাইলি গণমাধ্যম এর আগে জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধে অংশগ্রহণের জন্য সেনাবাহিনী এক সপ্তাহ আগে থেকেই কয়েক হাজার রিজার্ভ সৈন্যকে ডাকতে শুরু করেছে।

চলতি মাসের ৪ তারিখে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টসে’র অনুমোদন দেয়। এ অভিযানের আওতায় উত্তর গাজা থেকে পুরোপুরি জনসাধারণকে সরিয়ে নেয়া এবং ভেতরের কিছু অঞ্চল দখলে নেয়ার পরিকল্পনা রয়েছে।