বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে।
গ্রিনিচ মান সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা বৃদ্ধির ফলে সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী বিঘ্ন ঘটার আশঙ্কার মধ্যেই এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এর ফলে প্রধান দু’টি বেঞ্চমার্কই সপ্তাহের শেষভাগে মে মাসের মাঝামাঝি সময়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।
গত বৃহস্পতিবার এই উভয় বেঞ্চমার্কের দাম ৬ শতাংশেরও বেশি বেড়েছিল।
সূত্র : আল জাজিরা



