ইসরাইলি হামলায় এক দিনে ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি হতাহত

গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে গাজা উপত্যকার হাসপাতালগুলোতে চারজন প্রাণ হারিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে- গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ১০০ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০২ জন আহত হয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ ঘোষণা করেছেন, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে গাজা উপত্যকার হাসপাতালগুলোতে চারজন প্রাণ হারিয়েছেন।

আল-বারশ জোর দিয়ে বলেছেন, ক্ষুধা ও অপুষ্টির কারণে এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা ১৯৭ জনে পৌঁছেছে, যার মধ্যে ৯৬ জন শিশু।

২০২৩ সালের ৭ অক্টোবর, অপারেশন আল-আকসা ঝড় শুরু হওয়ার পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ২৫৮ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪৫ জনে পৌঁছেছে।

জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো সতর্ক করে দিয়েছে যে- অবরোধ অব্যাহত থাকা এবং সাহায্য পৌঁছাতে বাধা দেয়ার কারণে শিশুদের মধ্যে ব্যাপক মৃত্যুর ঝুঁকি তৈরি হচ্ছে। বর্তমানে গাজায় স্বাস্থ্যসেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।