তেহরানে শোকযাত্রায় মানুষের ঢল, ইসরাইলি মিডিয়ায় গুরুত্ব দিয়ে খবর প্রকাশ

বিপুল এই মানুষের সমাগমকে নজিরবিহীন উল্লেখ করে ইসরাইলি সংবাদপত্র ‘হারেৎজ’ খবর দিয়েছে, সোমবার ভোর থেকেই তেহরানের কেন্দ্রস্থলে লাখ লাখ মানুষ জমায়েত হতে শুরু করেন। আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রায় শামিল হতে এবং তাকে শেষ বিদায় জানাতেই এই বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও তেহরানের রাস্তায় শোকযাত্রা শুরু হওয়ার পর থেকে বিপুল মানুষের উপস্থিতির বিষয়টি ইসরাইলি গণমাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে বেশ বড় করে প্রচার করা হচ্ছে।

ইরানের ইংরেজি সংবাদমাধ্যম ওয়ানা সোমবার (৬ জুলাই) জানিয়েছে, সোমবার খুব সকাল থেকেই শোকযাত্রায় অংশ নেয়ার জন্য তেহরানের কেন্দ্রস্থলে মানুষের ঢল নামে এবং চারপাশের রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়ে ওঠে বলে খবর দিয়েছে ‘দ্য টাইমস অব ইসরাইল’।

একই চিত্র তুলে ধরে ‘দ্য জেরুজালেম পোস্ট’ জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে ইরানের সাবেক সর্বোচ্চ নেতার বিদায় অনুষ্ঠানের তৃতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শোকযাত্রায় অংশ নেয়া লাখ লাখ মানুষের হাতে ছিল লাল রঙের পতাকা। শিয়া ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতীক হিসেবে এই লাল পতাকা মূলত অন্যায়ভাবে রক্তপাতের বিচার এবং প্রতিশোধের আহ্বানকে নির্দেশ করে। ইরানের মরহুম এই নেতাকে যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞার অংশ হিসেবেই সাধারণ মানুষ এই লাল পতাকা বহন করছিলেন।