ইরানের পবিত্র কোম নগরীর জামকারান মসজিদে সমবেত হয়েছেন লাখ লাখ শোকাতুর মানুষ। তারা সেখানে সমবেত হয়েছেন ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজার নামাজে অংশ নিতে।
মঙ্গলবার সকালে এই জানাজার নামাজে ইমামতি করেছেন আয়াতুল্লাহিল উজমা আবদুল্লাহ জাওয়াদি আমোলি।
এই শোকযাত্রায় শুধু ইরানের নাগরিকরাই নন, বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষ সপরিবারে যোগ দিয়েছেন। মুসলিম নেতাদের সাথে নতুন করে সংহতি প্রকাশ করতে এবং তারা যে ‘নিজেদের দেয়া প্রতিশ্রুতিতে অবিচল আছেন’ সেই বার্তা বিশ্ববাসীকে পৌঁছে দিতেই তাদের এই আগমন।
বিশাল এই জনসমুদ্রে প্রবীণ ও সাধারণ পরিবারের পাশাপাশি কিশোর এবং তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে এক অন্যরকম আবেগঘন রূপ দেয়। অনেক পরিবার তাদের ছোট ছোট সন্তানদের সাথে নিয়ে এসেছেন ঐতিহাসিক এই জানাজায় শামিল হতে এবং শহীদ নেতার আদর্শের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে। বিভিন্ন দেশ থেকে আসা জেয়ারতকারীরা তাদের হাতে ইরান ও প্রতিরোধকামী দেশগুলোর পতাকা নিয়ে মিছিলে অংশ নেন, যা ইরানি জনগণের সাথে মুসলিম দেশগুলোর গভীর সংহতি ও সহমর্মিতার কথাই মনে করিয়ে দেয়।
শোকযাত্রার বিভিন্ন অংশে ফার্সি, আরবি ও উর্দু ভাষায় গাওয়া শোকগাথা পুরো অনুষ্ঠানের পরিবেশকে এক আন্তর্জাতিক রূপ দান করেছে।
সূত্র : ইসনা



