ইসলামী নববর্ষের এক বিশেষ বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি নিজেদের অবিচল ও নীতিগত সমর্থনের কথা আবারো পুনর্ব্যক্ত করেছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনকারী হাউছিদের আধাসামরিক বাহিনী ‘জেনারেল মোবিলাইজেশন ফোর্সেস’।
ইয়েমেনের সানাভিত্তিক সাবা নিউজ অ্যাজেন্সি বলেছে, এই বাহিনী সাফ জানিয়ে দিয়েছে যে, ফিলিস্তিন ইস্যুই এখন সব স্বাধীনতাকামী শক্তির মূল পথপ্রদর্শক, যার অগ্রভাগে রয়েছে জিহাদ ও প্রতিরোধ অক্ষ। ইসরাইল নামক শত্রু রাষ্ট্রকে এই বিষয়টি খুব ভালো করেই বুঝতে হবে যে, এই লড়াইকে কোনোভাবেই টুকরো টুকরো করা মেনে নেয়া হবে না।
একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের অর্জন করা বিশাল সব বিজয়ের ব্যাপক প্রশংসাও করেছে এই বাহিনী। ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হাউছিদের গড়ে তোলা এই আধাসামরিক বাহিনীটি মূলত ইরান ও ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানাতেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং সরাসরি ইসরাইলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
সূত্র: আল জাজিরা



