গাজায় বিমান থেকে ত্রাণ ফেলবে জর্ডান ও আমিরাত

চলমান যুদ্ধে দুই লাখের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে। এছাড়া আরো ১০ হাজারের মতো এখনো নিখোঁজ রয়েছে। এই যুদ্ধে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

জর্ডান ও আমিরাতকে গাজায় মানবিক সহায়তা দেয়ার অনুমতি দিতে প্রস্তুত ইসরাইল। শুক্রবার (২৫ জুলাই) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল শিগগির জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে গাজায় মানবিক সহায়তা বিমান থেকে পাঠানোর অনুমতি দেবে। সেজন্য তারা আইডিএফের সাথে সমন্বয় করে কাজ করছে।

সূত্রটি আরো জানিয়েছে, দেশ দু’টি গাজায় বিমান থেকে সহায়তা ফেলবে। ইসরাইলের সামরিক বাহিনী তাদের সাথে কাজ করবে।

এদিকে, গাজায় অপুষ্টি ও খাদ্যের অভাবে ১২২ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, খুব দ্রুতই যদি গাজায় খাদ্য সহায়তা না পৌঁছানো হয়, তাহলে মৃত্যুর হার বিপুলভাবে বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, চলমান যুদ্ধে দুই লাখের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে। এছাড়া আরো ১০ হাজারের মতো এখনো নিখোঁজ রয়েছে। এই যুদ্ধে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল