ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম 'নিউজ ম্যাক্স'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই দাবি করেন। আল জাজিরা মঙ্গলবার (১৪ জুলাই) এই খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের শক্তি বলতে গেলে এখন আর কিছুই অবশিষ্ট নেই। ক্ষয়ক্ষতির একটা খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, ইরানের সামরিক বাহিনীর ১৫৯টি জাহাজ ছিল, যার সবকটিই এখন সমুদ্রের নিচে তলিয়ে গেছে। এখানেই শেষ নয়, তাদের ২০০টি যুদ্ধবিমানের সবগুলোই ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের রাডার ব্যবস্থা এবং বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের অস্ত্র তৈরির সক্ষমতাও প্রায় ৮৪ শতাংশের মতো শেষ হয়ে গেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের আগের সেই দাপট আর নেই উল্লেখ করে ট্রাম্প বলেন, মাত্র চার মাসের ব্যবধানে ইরানকে একরকম প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চার মাস আগের ইরান আর আজকের ইরানের মধ্যে আকাশ-পাতাল তফাত।
অবশ্য, ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র এবং সামান্য সক্ষমতা রয়ে গেছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে সামগ্রিক পরিস্থিতিতে তারা যে একদম ভিন্ন এক সময়ে পিছিয়ে গেছে, সেই দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ইরান এতদিন মধ্যপ্রাচ্যের বলপ্রয়োগ করে বেড়াত, কিন্তু আমার সাথে সেই শক্তি দেখানো খাটবে না।



