পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে : আরাঘচি

শুক্রবার ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। এ ছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায় ইসরাইলি হামলা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি |সংগৃহীত

ইরানের দুটি পরমাণু স্থাপনায় দখলদার রাষ্ট্র ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এসব ‘অপরাধের’ জন্য ইসরাইলকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানান আরাঘচি।

শুক্রবার ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। এ ছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায় ইসরাইলি হামলা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

এক্সে আরাঘচি লিখেছেন, ইসরাইল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে ইসরাইলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরাইলের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে ইরান।

এমন সময় এসব হামলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় কিছুটা দেরিতে হামলা চালাবে। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে সেখান দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা, সিএনএন