ইরাকি কুর্দি প্রধানমন্ত্রী বারজানির কার্যালয়ে ড্রোন হামলা

সোমবার ভোরের এ হামলায় ইরাকের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবনও টার্গেট করা হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
মাশরুর বারজানি
মাশরুর বারজানি |সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রধানমন্ত্রী মাশরুর বারজানির কার্যালয়ে ড্রোন হামলা চালানো হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা সংস্থা সোমবার এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোরের এ হামলায় ইরাকের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবনও টার্গেট করা হয়েছিল।

ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল কিনা তা স্পষ্ট করা না হলেও সংস্থাটি বলেছে, ‘হামলাটি ইরান থেকে করা হয়েছে।’

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কুর্দিস্তান সন্ত্রাস দমন পরিষেবার বিবৃতিতে বলা হয়েছে, ‘দুটি হাদিদ-১০০ ড্রোন কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয় এবং কুর্দিস্তান কাউন্টার-টেররিজম সার্ভিসের নিরাপত্তা পরিচালকের বাসভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।’

এক এক্স পোস্টে কেআরজি প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘অবৈধ ও অগ্রহণযোগ্য’।

তিনি বলেন, ‘এটি একটি বিপজ্জনক পদক্ষেপ এবং কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি একটি মারাত্মক হুমকি।’

ইরান ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বারবার ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলকে ইরানি কুর্দি বিরোধী দলগুলোকে আশ্রয় দেয়ার জন্য অভিযুক্ত করেছে, যাদেরকে তেহরান নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে।

অপরদিকে, প্রতিবেশী দেশের বিপক্ষে তাদের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে ইরাকি কুর্দি কর্তৃপক্ষ।

সূত্র : আলজাজিরা