ইরান থেকে গত শুক্রবার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলের জরুরি সেবাকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ এই হামলায় তেল আবিবে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলার কারণে জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।
এমডিএ জানিয়েছে, ইরানের ওই হামলায় তেল আবিবে ৬৫ ও ৫০ বছর বয়সী আরো দুই ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমডিএ আরো জানিয়েছে, দক্ষিণ ইসরাইলি শহর কুসেইফেতে ৩৭ ও ২১ বছর বয়সী দুই ব্যক্তি শেল বা বিস্ফোরণের টুকরোতে আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ম্যাগেন ডেভিড অ্যাডম থেকে প্রকাশিত ছবিতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ছবিতে দেখা যায়, একটি প্রধান সড়কের কিছু অংশ নিরাপত্তার কারণে আংশিকভাবে ঘিরে রাখা হয়েছে।
সেনাবাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে ক্ষেপণাস্ত্র আঘাতের একটি স্থান থেকে হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মিকি ডেভিড জানান, একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্লাস্টার মিউনিশন (এক ধরনের বিভক্ত বোমা) আঘাত হেনেছে।
ক্লাস্টার বোমা মাঝ-আকাশে বিস্ফোরিত হয় এবং একটি বিস্তৃত এলাকা জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। ইরান ও ইসরাইল এর আগেও একে অপরকে ক্লাস্টার বোমা ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে একটি ভিডিও ফুটেজ দিয়েছেন। ওই ভিডিওতে জেরুজালেমের দিকে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যাচ্ছে। এ সময় ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা মধ্য ইসরাইলের বিভিন্ন আঘাতস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে।
এএফপির সংবাদদাতারা জানায়, তারা ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের জেরিকো থেকে বিস্ফোরণের শব্দ এবং জেরুজালেমে বিমান হামলার সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন।
ইসরাইলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইসরাইলের ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।’
পরবর্তী এক বার্তায় তারা জানায়, ‘জরুরি অবস্থা মোকাবেলায় নিয়মিত বাহিনীর পাশাপাশি রিজার্ভ উদ্ধারকারী দলগুলো সক্রিয়ভাবে মধ্য ইসরাইলে কাজ করছে।
আজ শনিবার ভোর হতে না হতেই ইসরাইলের সেনাবাহিনী সতর্ক করে জানায়, ইরান থেকে তাদের লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এর আগে, শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, দেশের দু’টি বৃহৎ ইস্পাত কারখানা ও পারমাণবিক স্থাপনায় হামলার পর ‘ইসরাইলের অপরাধের জন্য কঠিন মূল্য দিতে হবে।’
সর্বশেষ এই প্রাণহানির ঘটনার আগে ইসরাইলের জরুরি সেবা ও কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলের পক্ষের ১৮ জন সাধারণ নাগরিক হামলায় নিহত হয়েছেন।
তারা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন, যার মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়াও একজন ফিলিপাইনীয় পরিচর্যাকারী ও একজন থাই নাগরিক নিহত হয়েছেন।
সূত্র: বাসস


