ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে চালানো ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডারকে বদলি করা হয়েছে।
বুধবার ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, ‘ইসরাইল অকুপেশন ফোর্সেসের (আইওএফ) মুখপাত্র ঘোষণা করেছেন, বিমান প্রতিরক্ষা ইউনিটের নতুন কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল জি-এর স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত চার বছর ধরে এ দায়িত্ব পালন করছিলেন।’
বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল টোমার বারের নেতৃত্বে বিমান প্রতিরক্ষা স্কুলে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠানটি হয়।
এই নেতৃত্ব পরিবর্তন ঘটে এমন এক সময়ে, যখন ইসরাইলি বাহিনী তাদের জেনারেল স্টাফ পদে সাতজন শীর্ষ কর্মকর্তার নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের প্রস্তাবনা ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের অনুমোদনে এসব নিয়োগ আগামী কয়েক মাসে কার্যকর হবে।
এসব রদবদল মূলত ১২ দিনব্যাপী ইরান-ইসরাইলি যুদ্ধের পরপরই হয়েছে। ইসরাইলি আগ্রাসনের জবাবে ইরান ধারাবাহিক পাল্টা হামলা চালায়। ১২ দিনের সংঘাতে দুই দেশেই ব্যাপক ধ্বংসযজ্ঞ, বহু হতাহতের ঘটনা ঘটে।
ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, এই ১২ দিনের যুদ্ধে ইরান তাদের কৌশলগত দক্ষতা বাড়িয়েছে। তারা উন্নত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কৌশল প্রয়োগ করে এবং ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁকফোকর চিহ্নিত করে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে।
সূত্র : মেহর নিউজ অ্যাজেন্সি



