ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী যুদ্ধে’ সহযোগিতা ও সহায়তা করার বিষয়ে ইসরাইল ও ব্রিটেনকে সতর্কবার্তা দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (২৬ জুলাই) আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ সতর্কবার্তা দেন।
মোহেব্বি বলেন, ইসরাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করে এবং বিভ্রান্তিকর তথ্য সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে সক্রিয় রাখতে চায়।
তার দাবি, ইসরাইল নিজেদের লক্ষ্য অর্জনে মার্কিন শক্তিকে ব্যবহার করছে।
মোহেব্বি সতর্ক করে বলেন, ইসরাইল যদি আবার যুদ্ধে ফিরে আসে, তাহলে ইরান তাদের বিরুদ্ধে অভিযানকে অগ্রাধিকার দেবে এবং ইসরাইল জানে সে ক্ষেত্রে কী ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে।
ব্রিটেনের ক্ষেত্রেও কঠোর সতর্কবার্তা দেন মোহেব্বি। তার দাবি, যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান পরিচালনায় ব্রিটিশ বিমানঘাঁটির সহযোগিতা অব্যাহত থাকলে সেসব ঘাঁটি ইরানের ‘বৈধ ও নিশ্চিত লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হতে পারে।
মোহেব্বি বলেন, প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য ইরানের নির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত রয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, টানা ১৩ রাত যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালিয়েছে এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যবস্তুতে ব্যাপক পাল্টা হামলা চালায় বলে দাবি করা হয়েছে।
ইরানের ভাষ্য অনুযায়ী, ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর নতুন করে মার্কিন হামলা শুরু হয়।
ইরানের আরো বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। তবে ৪০ দিন পর ৮ এপ্রিল ইরানের প্রতিরোধ, পাল্টা অভিযান এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কারণে প্রতিপক্ষকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা হয়।
‘মার্কিন নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে’
শনিবার মোহেব্বি দাবি করেন, সমঝোতা লঙ্ঘনের পর ইরানের পাল্টা অভিযানে মার্কিন নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা আরো অনেক বেশি।
তিনি মার্কিন কর্তৃপক্ষের প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করে বলেন, মার্কিন জনগণের উচিত তাদের সামরিক কমান্ডারদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে বোকা বানানোর সুযোগ না দেয়া।
সূত্র: পার্সটুডে



