ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মঙ্গলবার বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি পৃথক সামরিক ঘাঁটিতে থাকা দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং স্যাটেলাইট সংকেত গ্রহণ ব্যবস্থা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
ইরনা প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘এই রাডার ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করার পর শত্রুপক্ষকে আরো শক্তিশালী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকতে হবে।
সূত্র : বাসস



