গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করেছে ইসরাইল। শনিবার (১৫ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বাহিনী রেডক্রসের মাধ্যমে লাশগুলো ফেরত দিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি দখলদার বাহিনী গতকাল শুক্রবার রেড ক্রসের মাধ্যমে ১৫ শহীদের লাশ হস্তান্তর করেছে। এ নিয়ে মোট ৩৩০ জনের লাশ পাওয়া গেছে।’
মন্ত্রণালয় আরো জানায়, এর মধ্যে এখন পর্যন্ত ৯৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
গাজা সিটি থেকে এএফপি জানিয়েছে, ৭৩ বছর বয়সী ইসরাইলি জিম্মি মেনি গডার্ডের লাশের বিনিময়ে এই লাশগুলো ফেরত দেয়া হয়েছে। হামাস বৃহস্পতিবার রেড ক্রসের মাধ্যমে তার লাশ ইসরাইলে ফেরত পাঠিয়েছিল।
সূত্র : বাসস



