গাজা শহরের বাসিন্দাদের স্থানান্তরে ইসরাইলি পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির
ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির |সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস রোববার জানিয়েছে, গাজা শহর থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরে ইসরাইলের পরিকল্পনা এই এলাকার লাখ লাখ বাসিন্দার জন্য ‘গণহত্যা ও বাস্তুচ্যুতির নতুন সম্ভাবনা’ তৈরি করেছে।

সংগঠনটি বলেছে, ইসরাইলের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ গাজায় তাঁবু ও অন্যান্য আশ্রয় সরঞ্জাম মোতায়েনের বিষয়টি একটি ‘প্রতারণা’।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, যুদ্ধক্ষেত্রগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের ‘নিরাপত্তা নিশ্চিতে’ তাদের দক্ষিণাঞ্চলে সরানোর পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনাকে সামনে রেখেই তারা রোববার থেকে তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন।

হামাস এক বিবৃতিতে বলেছে, ‘মানবিক উদ্দেশ্যে তাঁবু স্থাপন একটি স্পষ্ট প্রতারণা। দখলদার বাহিনী যে নৃশংস অপরাধ করার প্রস্তুতি নিচ্ছে, তা ঢাকতে এমনটা করা হচ্ছে।’

ইসরাইল চলতি মাসের শুরুতে বলেছিল, তারা গাজার উত্তরাঞ্চলের বৃহত্তম নগরকেন্দ্র গাজা শহরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য একটি নতুন অভিযান শুরু করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকার ভাগ্য নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। সেখানে প্রায় ২২ লাখ মানুষ বাস করেন।

সূত্র : রয়টার্স