ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত করার আবদার ইসরাইলি মন্ত্রীর

নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগের প্রতি ফাত্তোহ আহ্বান জানান, তারা যেন এই বিপজ্জনক ইসরাইলি কৌশলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

নয়া দিগন্ত অনলাইন
পশ্চিমতীরে বসতি স্থাপন
পশ্চিমতীরে বসতি স্থাপন |সংগৃহীত

ইসরাইলের অর্থনীতি ও শিল্পমন্ত্রী নীর বারকাত বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন। একইসাথে দেশটির একাধিক মন্ত্রী পশ্চিমতীর দখল করে সেখানে ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবি তুলেছেন।

বারকাত দাবি করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং অসলো চুক্তিভিত্তিক ব্যবস্থাটি টিকে থাকার অযোগ্য হয়ে পড়েছে।

অন্যদিকে, ফিলিস্তিনি জাতীয় কাউন্সিল (পিএনসি) এ ধরনের আহ্বানকে ‘আক্রমণাত্মক পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে কাউন্সিলের চেয়ারম্যান রাহি ফাত্তোহ লিকুদ দলের মন্ত্রীদের মন্তব্যের সমালোচনা করেন।

ফাত্তোহ বলেন, পশ্চিমতীরে ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য নেসেট সদস্যদের এই আহ্বান ডানপন্থী ঔপনিবেশিক সরকারের এজেন্ডার অংশ। এটি অত্যন্ত বিপজ্জনক ও আগ্রাসী কৌশল। তিনি উল্লেখ করেন, এই ধরনের পদক্ষেপ শুধু সঙ্ঘাতকেই উসকে দেবে না। বরং ইসরাইলি সরকারের অভ্যন্তরীণ সঙ্কট থেকে মনোযোগ সরাতে বলপ্রয়োগকেই একমাত্র উপায় হিসেবে বেছে নেবে।

তিনি দৃঢ়ভাবে বলেন, এই নীতি কোনোভাবেই ফিলিস্তিনিদের উপস্থিতি বা তাদের জাতীয় পরিচয় মুছে ফেলতে পারবে না।

ফাত্তোহ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগের প্রতি আহ্বান জানান, তারা যেন এই বিপজ্জনক ইসরাইলি কৌশলের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। কারণ, এটি শুধু ফিলিস্তিনি ভূখণ্ডের উপরই নয়। বরং রাজনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবনের সম্ভাবনার উপরও আঘাত হানে।

সূত্র : আল জাজিরা