বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটিতে শনিবার শুরু হওয়া মার্কিন-ইসরাইল যৌথ হামলার জেরে এমন সিদ্ধান্ত এলো।
এ নৌ চলাচলের পথ বা চ্যানেলটি সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে।
ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাথে সংশ্লিষ্ট তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে যে, কৌশলগত গুরুত্বের কথা চিন্তা করে ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হচ্ছে।
তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, আইআরজিসির পক্ষ থেকে জাহাজগুলোকে বার্তা পাঠানো হয়েছে যে, যেকোনো ধরনের জাহাজকে নতুন করে প্রণালিটি দিয়ে চলাচলের অনুমতি দেয়া হবে না।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকেএমটিও জানিয়েছে, তারাও একাধিক প্রতিবেদনের মাধ্যমে এই সর্তকবার্তার কথা জানতে পেরেছে।
হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ এবং তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ টানেল। বিশ্বে উৎপাদিত তেল এবং গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়।
সূত্র : রয়টার্স, বিবিসি



