ইসরাইলের হিজবুল্লাহর রকেট হামলা: নিহত ১, আহত ১

পুলিশ জানায়, সতর্কতা সাইরেন বাজার পর দুই ব্যক্তি নিকটস্থ বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন। তবে সময়মতো সেখানে পৌঁছাতে না পারায় রকেটটি তাদের আবাসিক ভবনের বাইরে একটি পার্কিং এলাকায় আঘাত হানে। এতে দুজনই গুরুতরভাবে আহত হন।

নয়া দিগন্ত অনলাইন
লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর নহরিয়ায় ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধারকর্মীদের তৎপরতা
লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর নহরিয়ায় ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধারকর্মীদের তৎপরতা |সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া রকেট হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর নহরিয়ায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। জরুরি উদ্ধার সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, সতর্কতা সাইরেন বাজার পর দুই ব্যক্তি নিকটস্থ বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেন। তবে সময়মতো সেখানে পৌঁছাতে না পারায় রকেটটি তাদের আবাসিক ভবনের বাইরে একটি পার্কিং এলাকায় আঘাত হানে। এতে দুজনই গুরুতরভাবে আহত হন।

ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আহতদের শরীরে মারাত্মক স্প্লিন্টার আঘাত লাগে। ঘটনাস্থলেই ত্রিশোর্ধ্ব এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে পঞ্চাশোর্ধ্ব আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া বিস্ফোরণ ও স্প্লিন্টারের আঘাতে আরো ১৩ জন আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। তীব্র আতঙ্কে আরো ১১ জন চিকিৎসা নিয়েছেন। মোট ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা নোয়া আভ্রাহাম সংবাদমাধ্যমকে বলেন, “এত কাছাকাছি বিস্ফোরণ আমি আগে কখনও দেখিনি। শব্দটা জীবনের সবচেয়ে ভয়াবহ ছিল।”

তিনি জানান, বিস্ফোরণের পর রাস্তায় ভিড় জমে যায়, চারদিকে ছড়িয়ে পড়ে কাঁচের টুকরো। আতঙ্কিত মানুষজন, বিশেষ করে মায়েরা শিশুদের জড়িয়ে ধরে ভবন থেকে বেরিয়ে আসছিলেন।

ঘটনার পর এলাকায় চরম ভয় ও উদ্বেগ বিরাজ করছে বলে জানান তিনি।

সূত্র: টাইমস অব ইসরাইল