ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় ইসরাইলের হামলা, নিহত ১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে ‘বিশাল পদক্ষেপ’ হিসেবে একটি পরিকল্পনা ঘোষণা করা সত্ত্বেও উপত্যকাটিতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের হামলায় নিহতের লাশের পাশে শোকাহতরা
ইসরাইলের হামলায় নিহতের লাশের পাশে শোকাহতরা |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে ‘বিশাল পদক্ষেপ’ হিসেবে একটি পরিকল্পনা ঘোষণা করা সত্ত্বেও উপত্যকাটিতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে, রোববার (২ আগস্ট) পশ্চিম গাজা শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় আবদুল্লাহ আবু তাইফ (৩৩), তার অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান (২৯) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম নিহত হন।

খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে একটি ভবনে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাহমুদ (৩৮), তার স্ত্রী ফাতিমা (৩৭) এবং তাদের ছোট মেয়ে। এতে আরো তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে নাসের হাসপাতালের চিকিৎসা সূত্র।

চিকিৎসকরা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল-বালাহর কাছে নিজ বাড়িতে এক হামলায় কামু আবু মুয়াইলিক (৬৮) এবং তার স্ত্রী হুদা (৫৯) নিহত হয়েছেন। একই এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুই ভাই নিহত হন।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিসের আল-মাওয়াসিতে একটি তাঁবুতে ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন।

অন্যদিকে, গাজা শহরের পশ্চিমে রেমাল মহল্লায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। গাজা শহরে একটি গাড়িতে হামলায় আরো চারজন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে, গত শনিবার দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের ওষুধের গুদামগুলোতে হামলা চালায় ইসরাইল।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুর্শ বলেছেন, সরবরাহ ধ্বংস করা ‘ওষুধ এবং অসুস্থতাকেই যুদ্ধের হাতিয়ারে পরিণত করে’।

মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ওষুধের দু’টি গুদাম পুরোপুরি ধ্বংস হয়েছে এবং দু’টির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা