ইরান যুদ্ধ

ইয়েমেনি নৌ-সীমা এড়িয়ে চলতে ইইউ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার সতর্কতা

ইরান-সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা পুনরায় শুরু করতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
বাব আল-মান্দাব প্রণালী
বাব আল-মান্দাব প্রণালী |সংগৃহীত

যেকোনো পণ্যবাহী জাহাজকে ইয়েমেনের নৌ-সীমায় প্রবেশ না করার জন্য সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

এর কারণ হিসেবে বলা হয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা পুনরায় শুরু করতে পারে।

শনিবার (২৯ মার্চ) ইসরাইলে হাউছিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ভবিষ্যতে আরো হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হলো।

বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেট জানিয়েছেন, উত্তর-পশ্চিম ইয়েমেন নিয়ন্ত্রণকারী হাউছিরা এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি ব্যবহার করেনি।

সেটি হলো- বাব আল-মান্দাব প্রণালি, যা মূলত লোহিত সাগরকে বিশ্ব বাণিজ্যের সাথে সংযুক্ত করেছে।

হাউছিরা এখন পর্যন্ত এ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়নি।

ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স অ্যাসপাইডস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সাথে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর উচিত ‘বিপদ না কমা পর্যন্ত’ ইয়েমেনের নৌ-সীমা এড়িয়ে চলা।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি স্বার্থের সাথে যুক্ত জাহাজগুলোর জন্য হুমকির মাত্রা ‘উচ্চ’।

অন্যদিকে, ইসরাইল বা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত নয় এমন জাহাজের জন্য হুমকির মাত্রা ‘মাঝারি’ ধরা হয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ রাখা হাউছি বিদ্রোহীরা।

সূত্র : বিবিসি