সন্তানদের লাশের জন্য গাজার এক মায়ের আকুতি

‘তারা নিষ্পাপ। ওদেরকে নিয়ে এসো। ওদের লাশ যদি উদ্ধার না করা হয়, তাহলে রাস্তার ক্ষুধার্ত কুকুরগুলো তাদের নিথর দেহ খাবলে খাবে। আমি এটি হতে দিতে চাই না।’

নয়া দিগন্ত অনলাইন
ছবি প্রতীকী
ছবি প্রতীকী |সংগৃহীত

ইসরাইলি হামলায় খালি হয় গাজার বিদুষী নারী শাহওয়ানের কোল। নিহত দুই সন্তানের লাশ দাফনের আকুতি জানান তিনি। তিনি চিৎকার করে বলছেন, তোমরা আমার সন্তানদের নিয়ে এসো। তারা নিষ্পাপ। আমি তাদের অন্তত দাফনটুকু করতে চাই।

রোববার (২৫ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তার এই আর্তির কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শাহওয়ান বেগমের আর্তনাদের একটি ভিডিও ইনস্ট্রাগ্রামে ব্যাপকভাবে প্রচারিত হয়। ভিডিওটি আল জাজিরার সানাদ ফ্যাক্ট-চেকিং ইউনিট যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে। ফুটেজ থেকে জানা যায়, শাহওয়ানের দুই সন্তান খাবারের জন্য খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের দিকে যায়। সেখানে ইসরাইলিরা হামলা চালালে তারা নিহত হয়।

এ সংবাদ পেয়ে শোকাহত শাহওয়ান সবাইকে বলতে থাকে, তারা নিষ্পাপ। ওদেরকে নিয়ে এসো। ওদের লাশ যদি উদ্ধার না করা হয়, তাহলে রাস্তার ক্ষুধার্ত কুকুরগুলো তাদের নিথর দেহ খাবলে খাবে। আমি এটি হতে দিতে চাই না।

তিনি আরো বলেন, তারা শহীদ হয়েছে। আমি ধৈর্য ধারণ করেছি। তবে আমি তাদের দাফন করতে চাই। আল্লাহর দোহাই, তোমরা আমার সন্তানকে নিয়ে এসো।

উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধের আজ ৫৯৬তম দিন। এই পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে অন্তত ৫৩ হাজার ৯০১ জন নিহত হয়েছে। এছাড়া আরো ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন আহত হয়েছে। আরো ১১ হাজারের বেশি ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছেন।

সূত্র : আল জাজিরা