নেতানিয়াহুকে উদ্দেশ্য করে পোস্ট, গ্রেফতার নারী

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করার কারণে ফ্লোরিডার এক নারী শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করার কারণে ফ্লোরিডার এক নারী শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

এক্সে প্রচারিত এক ভিডিওতে দাবি করা হয়, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওই শিক্ষার্থী পোস্টে লিখেছিলেন, ‘নেতানিয়াহু, আপনি যদি আমাকে শুনতে পান, তাহলে ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে থাকা আমাদের ক্যাপস্টোন শিক্ষার্থীদের ওপর কিছু বোম্বন ফেলে দিন।’

এই পোস্টের জেরে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং শোনা যাচ্ছে, এই মন্তব্যের জেরে তিনি সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখে পড়তে পারেন।

মিষ্টি নাকি মৃত্যুফাঁদ?
পুরো ঘটনাটি ঘিরে এখন সরগরম নেট দুনিয়া। বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই ‘বোম্বন’ শব্দটি। সহজ চোখে দেখলে এটি কোনো চকলেট বা মিষ্টি জাতীয় খাবার, যা হয়তো তিনি রসিকতা করে লিখেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ মন্তব্যটি কেবল মিষ্টির আবদার মনে হয়নি, বরং এটিকে নিরাপত্তা ঝুঁকি এবং গুরুতর হুমকি হিসেবে দেখা হয়েছে।

তারা মনে করছেন, একটি পাবলিক কনভোকেশন সেন্টারে বোমা হামলার ইঙ্গিত দিয়েই তিনি এ পোস্টটি দিয়েছেন।

একেই বলে, নিজের জিবের বা আঙুলের ডগায় করা রসিকতা যে গলার ফাঁস হয়ে উঠতে পারে, এই ঘটনা তারই এক জ্বলন্ত উদাহরণ।

বাকস্বাধীনতা নাকি বাড়াবাড়ি?
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা দুই দলে বিভক্ত হয়ে গেছেন।

একদল বলছেন, নিছক একটি রসিকতা বা ব্যঙ্গাত্মক মন্তব্যের জন্য এত বড় শাস্তির ব্যবস্থা কোনোভাবেই কাম্য নয়। তাদের মতে, এটি বাকস্বাধীনতার ওপর চরম হস্তক্ষেপ।

অন্য একদল বলছেন, নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই, বিশেষ করে যখন কোনো বড় সমাবেশকে টার্গেট করা হচ্ছে।

যদিও সরকারিভাবে এই নারী শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানানো হয়নি, তবে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা বাড়ছেই।

ভিডিওর তথ্য অনুযায়ী, নিরাপত্তা ইস্যুতে কর্তৃপক্ষ যতটা কঠোর হয়েছে, তাতে ওই শিক্ষার্থীর বিপদ যে বেশ গভীর, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রচারিত ভিডিও বক্তব্য