আমাকে হত্যার চেষ্টা করেছে ইসরাইল : ইরানি প্রেসিডেন্ট

ওই সাক্ষাৎকারে পেজেশকিয়ানে আরো বলেন, তার দেশে আমেরিকান বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরাইল আমাকে হত্যার চেষ্টা করেছিলো। ওই সময় আমি একটি মিটিংয়ে ছিলাম।

মঙ্গলবার (৮ জুলাই) বিবিসি জানিয়েছে, আমেরিকান টিভি সঞ্চালক টাকলার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট এ দাবি করেন।

ওই সাক্ষাৎকারে পেজেশকিয়ানে আরো বলেন, তার দেশে আমেরিকান বিনিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই।

ইসরাইল সরকার ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ তারা চেষ্টা করেছে। তারা ব্যাপক চেষ্টা করেছে। তবে তারা ব্যর্থ হয়েছে।’

এ বিষয়ে তিনি নিশ্চিত কিনা- এমন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নয়, ইসরাইল তাকে হত্যার চেষ্টা করেছে।

তিনি বলেন, ‘আমি একটি সভায় ছিলাম ও করণীয় নিয়ে আলোচনা করছিলাম। গুপ্তচরদের কাছ থেকে তথ্য পেয়ে সেখানে বোমা হামলা চালায় ইসরাইল। তবে যখন আল্লাহ না চান, তখন আর কিছুই হয় না।’

এর আগে ইরানি নেতার একজন উপদেষ্টা আলি লারিজানি বলেছিলেন যে, ইসরাইল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভাস্থলের খোঁজ পেয়েছিলো এবং তারা চেয়েছিলো বোমা মেরে নেতাদের ধ্বংস করে দিতে। তবে তারা সফল হয়নি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মাতৃভূমি ও স্বাধীনতা রক্ষায় জীবন দিতে ভীত নই। কিন্তু সেটা কি স্থিতিশীলতা আনবে?’

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সাথে আলোচনা স্থগিতে ইরানের সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ইস্যুতে আলোচনার মধ্যে ছিল ইরান। আমাদের বলা হয়েছিলো ইসরাইল ইরানে হামলা করবে না। কিন্তু ইসরাইল আলোচনার টেবিলেই বোমা ফেলেছে।’

সূত্র : বিবিসি