মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে মিসর-কাতারের বৈঠক

উত্তেজনা কমাতে সব পক্ষকে আলোচনার পথেই হাঁটতে হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামী প্রজাতন্ত্রের মধ্যকার সমঝোতা স্মারকে যা যা ঠিক হয়েছে, তা সবাইকে মেনে চলতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
মিসর ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের  বৈঠক
মিসর ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক |সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা কমাতে এবার একসাথে বসলেন কাতার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা। দোহার এই গুরুত্বপূর্ণ বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের ছাত্র বার্তা সংস্থা ইসনা শনিবার (২৫ জুলাই) জানায়, দেশটিতে সফররত মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতির সাথে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আস সানি। বৈঠকে দুই দেশের মধ্যের সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ এবং যৌথ পদক্ষেপের বিষয়টি গুরুত্ব পায়।

আল জাজিরার বরাতে জানা যায়, বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, উত্তেজনা কমাতে সব পক্ষকে আলোচনার পথেই হাঁটতে হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামী প্রজাতন্ত্রের মধ্যকার সমঝোতা স্মারকে যা যা ঠিক হয়েছে, তা সবাইকে মেনে চলতে হবে। এই চুক্তির একটি বড় অংশ হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা বা বাধা ছাড়া যাতায়াত নিশ্চিত করা, যা পুরো অঞ্চলের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। 'হরমুজ প্রণালী' মূলত পারস্য উপসাগরের একটি সরু নৌপথ, এই পথে বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল পরিবাহিত হয়। এখানে কোনো ঝামেলার অর্থ পুরো বিশ্বের অর্থনীতিতে টান পড়া।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আবারো স্পষ্ট করে বলেন, উত্তেজনা কমিয়ে স্থায়ী শান্তির জন্য একটি বড় ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে যেকোনো চেষ্টার পাশে তার দেশ সব সময় থাকবে।