সংঘাতের মাঝেই ইরানকে চরম মূল্য মেটাতে হবে বলে আবারও হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সাথে তেহরান চুক্তি করার জন্য ব্যাকুল হলেও তারা এখনো প্রস্তুত নয় দাবি করেন তিনি। আনাদালো বৃহস্পতিবার (২৩ জুলাই) জানিয়েছে এই খবর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য অনুনয়-বিনয় করলেও চুক্তির বেলায় তারা দায়িত্বশীল নয়। তেহরানের ক্ষমতায় থাকা ব্যক্তিরা চুক্তি ভেঙে ফেলে অথবা বারবার তা বদলাতে চায়। সে কারণেই তারা এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে তৈরি নয় বলে অভিযোগ করেন তিনি।
তবে ইরানিদের রক্তচক্ষু দেখিয়ে রুবিও স্পষ্ট জানান, ইরানের ওপর চড়া মাশুল চাপানো হচ্ছে। তারা স্বজ্ঞানে ফিরে না আসা পর্যন্ত প্রতি রাতে এই ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি হলো 'চোখের বদলে মাথা নেয়া'। অর্থাৎ, ইরানি প্রতিরোধ ভাঙতে বহুগুণ কঠোর আঘাত হানা হবে, যা তাদের চুক্তি করতে বাধ্য করবে।
এদিকে, তিনি দাবি করেন, ইয়েমেনের হুতিদের এই যুদ্ধ থেকে দূরে থাকার বার্তা দিয়েছে ওয়াশিংটন। রুবিও দাবি করেন, হুতিরা এতদিন বেশ বুদ্ধিমানের মতো দূরে থাকলেও তেহরানের মিষ্টি কথায় ভুলে শেষমেশ ফাঁদে পা দিয়েছে। বিশেষ করে সৌদি আরব ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে তারা নিজেদের বিপদে ফেলেছে। এই পরিস্থিতিকে উদ্বেগের বলে মনে করছেন মার্কিন কূটনীতিকরা। তারা চান, হুতিরা যেন অবিলম্বে এই লড়াই থামিয়ে দূরে থাকে।



