ইরানের মরহুম নেতার বিদায় ও জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরানের গণপরিবহন নেটওয়ার্কে ১ কোটি ৭০ লাখেরও বেশিবার যাত্রী-ভ্রমণ বা যাত্রী আনা-নেয়া (প্যাসেঞ্জার ট্রিপ) করে রেকর্ড সৃষ্টি করেছে। চলতি সপ্তাহে এই বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে মেট্রো ও বাসে রেকর্ডসংখ্যক মানুষ যাতায়াত করেছেন।
ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম ওয়ানা সোমবার (৬ জুলাই) জানিয়েছে, তেহরান পৌরসভার পরিবহন ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগের জনসংযোগ পরিচালক হাসান রেজাই জানিয়েছেন, গত শনিবার থেকে তেহরানের মেট্রো, বাস ও ট্যাক্সি বহর চব্বিশ ঘণ্টা অবিরাম সেবা দিয়ে যাচ্ছে। গত শনিবার ভোর সাড়ে ৫টা থেকে শুরু করে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত কেবল তেহরান মেট্রোতেই প্রায় ১ কোটি ১০ লাখ বার যাত্রী পরিবহন করা হয়েছে। মেট্রো ট্রেনগুলো বিরতিহীনভাবে চব্বিশ ঘণ্টা চলাচল করছে।
অন্যদিকে গত শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া বিশেষ বাস সার্ভিসে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি যাত্রী-ভ্রমণ রেকর্ড করা হয়েছে। শোকাতুর সাধারণ মানুষ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের যাতায়াত সহজ করতে ১ হাজার ৫০০ ভ্যানের একটি বিশেষ বহর নামানো হয়েছিল, যা দিয়ে ৩ লাখেরও বেশি যাত্রী আনা-নেয়া করা হয়েছে।
হাসান রেজাই নিশ্চিত করেছেন, মেট্রো সেবা আজ সোমবার মধ্যরাত পর্যন্ত এই বিশেষ সময়সূচি মেনেই চলবে এবং অনুষ্ঠান শেষ হতে দেরি হলে সময় আরো বাড়ানো হতে পারে। এ ছাড়া জানাজা ও শোকমিছিলের রাস্তাগুলো থেকে সব মানুষ নিরাপদে ফিরে না যাওয়া পর্যন্ত বাস ও ট্যাক্সির এই বিশেষ সেবা পুরোদমে চালু থাকবে। পুরো অনুষ্ঠান শেষ হওয়ার পর গণপরিবহন ব্যবহারের চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে বলেও তিনি জানান।


