ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল আক্রমণ চালায় তবে তা মোকাবিলার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে উত্তেজনা বাড়তে থাকায় তিনি দৃঢ় অবস্থানের কথা জানান।
বৃহস্পতিবার এক ভিডিও সাক্ষাৎকারে এনবিসি নিউজকেকে দেয়া বক্তব্যে সম্ভাব্য মার্কিন আগ্রাসন নিয়ে তিনি উদ্বিগ্ন কি না—এমন প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, ইরান প্রস্তুত।
তিনি বলেন, “না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি।” তার দাবি, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায় তবে ইরান তা মোকাবিলা করতে সক্ষম এবং এমন পদক্ষেপ শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য “বড় ধরনের বিপর্যয়” ডেকে আনবে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে বলে তেহরানের দাবি। ইরানি কর্তৃপক্ষ জানায়, এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
এদিকে ইরানের সুপিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বলেছেন, আমরা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি।
বৃহস্পতিবার তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন , “কিছু মার্কিন কর্মকর্তা বলেছেন তারা ইরানে কয়েক হাজার সেনা নিয়ে স্থল হামলার পরিকল্পনা করছেন। ইমাম খোমেনি এবং ইমাম খামেনির সাহসী সন্তানরা আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা ইরানে স্থল হামলার কথা বলছে সেসব দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের সম্মানহানি আমরা করব, তাদের কয়েক হাজার সেনাকে হত্যা ও আটকের মাধ্যমে।”
“ইরানের পবিত্র ভূমিতে নরকের চাকরদের কোনো জায়গা নেই।”
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।



