ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও সাম্প্রতিক অবস্থানকে ‘অ্যানাকোন্ডা কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন তেহরান ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর বিশ্লেষক আলী আকবর দারেইনি। তিনি জানিয়েছেন, কোনো যুদ্ধে জয়ী হতে না পেরে ইরানকে চূড়ান্তভাবে কোণঠাসা করতেই এই দীর্ঘমেয়াদি পদ্ধতি বেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আল জাজিরা বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, মার্কিন কৌশলের স্বরূপ ব্যাখ্যা করে আল জাজিরাকে এই বিশ্লেষক বলেন, এটি মূলত সামরিক হামলা চালানোর আগে প্রতিপক্ষকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শ্বাসরোধ করে দুর্বল করার একটি পদ্ধতি। ঠিক যেমন অ্যানাকোন্ডা সাপ নিজ শিকারকে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে শ্বাস বন্ধ করে ফেলে, মার্কিন যুক্তরাষ্ট্রও ঠিক একই কৌশল অনুসরণ করছে। কারণ গত পাঁচ মাসে তারা যা করার চেষ্টা করেছে, তার সবই ব্যর্থ হয়েছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের মুখে ইরান নতিস্বীকার করবে না বলে মনে করেন এই বিশ্লেষক। তার মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ সামলে ওঠার দীর্ঘ অভিজ্ঞতা ইরানের রয়েছে। অতীতে যেভাবে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশ টিকে ছিল, সামনেও ইরান একইভাবে আত্মরক্ষা করতে সমর্থ হবে।
ইরান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান তুলে ধরে দারেইনি স্পষ্ট করে বলেন, ‘ট্রাম্প এমন এক যুদ্ধে আটকে গেছেন, যেখানে তিনি জয়ী হতে পারছেন না, আবার যা থেকে বের হওয়ারও কোনো পথ নেই।’



