আঞ্চলিক মিত্র হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের যাবতীয় চাপ ও সমঝোতার গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যমগুলোর রটনা ও পশ্চিমাদের নানা আলোচনার মুখে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এই দুটি প্রতিরোধ আন্দোলনের প্রতি তাদের রাজনৈতিক ও আর্থিক সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, হামাস ও হিজবুল্লাহ কেবল নিজেদের মাতৃভূমি রক্ষা করছে। তারা কোনো দেশকে আক্রমণ করেনি, বরং নিজেদের জনগণকে বাঁচানোর লড়াইয়ে লিপ্ত রয়েছে।
একে একটি সম্পূর্ণ মানবিক কাজ হিসেবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ইসরাইল যখন সমস্ত আন্তর্জাতিক আইন অমান্য করছে ও মানবাধিকার লঙ্ঘন করছে, তখন যুক্তরাষ্ট্র কেন সেই অপরাধী শাসনগোষ্ঠীকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে?
অভিযোগ করে এই শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্র একদিকে ইরানকে সমর্থন বন্ধ করতে বলছে, অন্যদিকে নিজেরা ইসরাইলকে মাত্রাতিরিক্ত অর্থ ও অস্ত্র সরবরাহ করে চলেছে। এমনকি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ব্যবহার করে তারা ইসরাইলের সব অপরাধ আড়াল করছে।
এই দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে মার্কিন প্রশাসনের কাছে এর জবাব চেয়েছেন তিনি।
সূত্র : হামশাহরি



