নেগেভ ঘাঁটিতে ইসরাইলি সেনাদের 'বিদ্রোহ'

ব্যাটালিয়ন কমান্ডার ইসরাইলি সেনা সদস্যদের অনিয়মতান্ত্রিক ও অননুমোদিত চল বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি এ ধরনের চলের সাথে সম্পর্কিত স্মারকচিহ্নগুলোও সরিয়ে ফেলার হুকুম জারি করেন। এই নির্দেশকে কেন্দ্র করেই সৈন্যরা 'বিদ্রোহী' হয়ে ওঠে।

নয়া দিগন্ত অনলাইন
জোটবদ্ধ ইসরাইলি সেনারা
জোটবদ্ধ ইসরাইলি সেনারা |সংগৃহীত

নেগেভ মরুভূমির সদে তৈমান সামরিক ঘাঁটি থেকে গিবতি ব্রিগেডের তজাবার ব্যাটালিয়নের প্রায় ১০০ ইসরাইলি সেনা অস্ত্র ফেলে রেখে 'বিদ্রোহ' করেছে। তাদের কমান্ডারদের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তারা ঘাঁটি ছেড়ে চলে গেছে বলে ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ব্যাটালিয়ন কমান্ডার ইসরাইলি সেনা সদস্যদের অনিয়মতান্ত্রিক ও অননুমোদিত চল বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি এ ধরনের চলের সাথে সম্পর্কিত স্মারকচিহ্নগুলোও সরিয়ে ফেলার হুকুম জারি করেন। এই নির্দেশকে কেন্দ্র করেই সৈন্যরা 'বিদ্রোহী' হয়ে ওঠে। গাজা ও লেবাননে যুদ্ধের সময় এই প্রতীকগুলো সৈনিকদের সাথে ছিল। এগুলো তারা একদল থেকে অন্য দলের কাছে হস্তান্তর করে আসছিল। সৈনিকদের কাছে এগুলো ব্যাটালিয়নের ঐতিহ্য ও শ্রদ্ধার প্রতীক ছিল।

ইসরাইলি সংবাদপত্র ইসরাইল হায়ম জানিয়েছে, সৈনিকরা তাদের ব্যক্তিগত ব্যাগ ও মালপত্র নিয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফিলে ঘাঁটি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

অন্য একটি সংবাদমাধ্যম মারিভ সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, এই বিদ্রোহের কারণে ব্যাটালিয়নটি এখন গাজায় সামরিক অভিযানে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে।