ইরানের খার্গ দ্বীপের কাছে সমুদ্রে ছড়িয়ে পড়েছে তেল

ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে সাগরে প্রায় ২০ বর্গমাইল (৫২ বর্গকিলোমিটার) এলাকায় তেল ছড়িয়ে পড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
খার্গ দ্বীপের উপকূলে সাগরে তেল ছড়িয়ে পড়েছে
খার্গ দ্বীপের উপকূলে সাগরে তেল ছড়িয়ে পড়েছে |সংগৃহীত

ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে সাগরে তেল ছড়িয়ে পড়ার আলামত পাওয়া গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে সাগরের পানিতে তেলের আস্তরণ বা অয়েল স্লিক ছড়িয়ে পড়তে দেখা গেছে।

পারস্য উপসাগরের এ ছোট দ্বীপটির পশ্চিম উপকূলে ঠিক কী কারণে এই তেল ছড়িয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তেল নিঃসরণ পর্যবেক্ষণকারী সংস্থা ‘অরবিটাল ইওএস’ নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ২০ বর্গমাইল (৫২ বর্গকিলোমিটার) এলাকায় এই তেল ছড়িয়ে পড়ে।

বেসরকারি সংস্থা ‘কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, এই তেলের মূল উৎস এখনো অস্পষ্ট। তেলের আস্তরণটি দক্ষিণ দিকে ভেসে যাচ্ছে এবং এটি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়ার সম্ভাবনাও কম দেখা যাচ্ছে।

খার্গ দ্বীপ ইরানের তেল রফতানি শিল্পের প্রাণকেন্দ্র এবং দেশটির বিপর্যস্ত অর্থনীতির মূল ভিত্তি। এটি পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে কয়েকশ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে সঙ্ঘাত শুরু হওয়ার পর ইরান এই হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করায় ওই এলাকায় অনেক তেলবাহী ট্যাঙ্কার আটকা পড়ে আছে।

ইরানের বৃহত্তম তেল টার্মিনাল, পাইপলাইন, তেল মজুত করার ট্যাঙ্ক ও সংশ্লিষ্ট অবকাঠামো এই খার্গ দ্বীপেই অবস্থিত।

সূত্র: বাসস