বন্দীদের জন্য অপেক্ষারতদের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ ইসরাইলের

ফিলিস্তিনি বন্দীদের জন্য অপেক্ষারতদের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
প্রিয়জনদের জন্য রামাল্লায় জড়ো হচ্ছে বহু ফিলিস্তিনি
প্রিয়জনদের জন্য রামাল্লায় জড়ো হচ্ছে বহু ফিলিস্তিনি |সংগৃহীত

ফিলিস্তিনি বন্দীদের জন্য অপেক্ষারতদের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। সোমবার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে এপির সূত্রে জানানো হয়েছে, অধিকৃত পশ্চিমতীরে ওফার প্রিজন কারাগারের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে একটি ইসরাইলি সাঁজোয়া যান। সেখানে বন্দীদের মুক্তির অপেক্ষায় একত্রিত হয়েছিল শত শত ফিলিস্তিনি।

সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইলি পতাকা বহনকারী ওই সাঁজোয়া যানটি যখন কারাগারের কাছাকাছি পাহাড়ের কাছে পৌঁছায়, তখন সেখানে অপেক্ষারতদের উপর কয়েকটি ড্রোন উড়ে যায়। সেগুলো থেকে ওই টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

আল জাজিরা জানিয়েছে, পশ্চিমতীরে সতর্কবার্তা দেয়া হয়েছে যে কাউকে যদি ফিলিস্তিনি বন্দীদের মুক্তিকে সমর্থন করতে দেখা যায়, তাহলে তাকে আটক করা যেতে পারে।

উল্লেখ্য, ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রত্যাশায় ওফার প্রিজনের কাছে স্বজনদের অনেকেই একত্রিত হয়েছিল।

সূত্র : আল জাজিরা