বিবিসি প্রচার না করলেও ব্রিটিশ একাডেমি পুরস্কার জয় গাজা নিয়ে তথ্যচিত্রের

তথ্যচিত্রটির পেছনে শুরুতে বিবিসি নিজেই অর্থায়ন করেছিল, কিন্তু নির্মাণের পর ‘পক্ষপাতিত্বের’ অজুহাত দেখিয়ে তারা এটি প্রচার করতে সরাসরি অস্বীকৃতি জানায়।

নয়া দিগন্ত অনলাইন
বাফটা পুরস্কার হাতে তথ্যচিত্রটির কলাকুশলীরা
বাফটা পুরস্কার হাতে তথ্যচিত্রটির কলাকুশলীরা |সংগৃহীত

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার মুখে ফিলিস্তিনি চিকিৎসকদের অমানবিক জীবন ও অবিশ্বাস্য লড়াই নিয়ে নির্মিত একটি সাহসী তথ্যচিত্র ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ড বা বাফটা জয় করেছে। ‘গাজা : ডক্টরস আন্ডার অ্যাটাক’ নামের এই কাজটিকে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বা বর্তমান বিষয়াবলী বিভাগে সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (১০ মে) রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা আসে।

তবে এই আন্তর্জাতিক স্বীকৃতি নতুন করে বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে। তথ্যচিত্রটির পেছনে শুরুতে বিবিসি নিজেই অর্থায়ন করেছিল, কিন্তু নির্মাণের পর ‘পক্ষপাতিত্বের’ অজুহাত দেখিয়ে তারা এটি প্রচার করতে সরাসরি অস্বীকৃতি জানায়। পরে চ্যানেল ফোর এটি প্রচারের দায়িত্ব নেয়।

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের প্রত্যক্ষ বিবরণ সম্বলিত তথ্যচিত্রটি বিবিসি সম্প্রচার করতে অস্বীকৃতি জানানোর প্রায় এক বছর পর লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে সম্মানিত হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী নির্মাতারা মঞ্চেই বিবিসির কড়া সমালোচনা করেন। নির্বাহী প্রযোজক বেন ডি পিয়ার তথ্যচিত্রটির সাথে জড়িত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সরাসরি বিবিসিকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, বাফটা অনুষ্ঠানটি বিবিসি ওয়ান চ্যানেলে প্রায় দুই ঘণ্টা দেরিতে প্রচার করা হচ্ছিল। সে প্রসঙ্গ টেনে বেন ডি পিয়ার প্রশ্ন করেন, ‘বিবিসির কাছে আমার একটি প্রশ্ন আছে, যেহেতু আপনারা আমাদের ফিল্মটি প্রচার করেননি, তবে কি আজকের বাফটা সম্প্রচার থেকেও আমাদের এই অংশটি বাদ দিয়ে দেবেন?’

সাংবাদিক ও উপস্থাপিকা রামিতা নাভাই তার বক্তব্যে গাজার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইসরাইলি সেনাবাহিনীর পরিকল্পিত হামলার তদন্তের ভয়াবহ ফল তুলে ধরেন। তিনি বলেন, ‘এই তদন্তের জন্য বিবিসিই অর্থ দিয়েছিল, কিন্তু তারা এটি দেখাতে রাজি হয়নি। তবে আমরা দমে যেতে বা সেন্সরশিপ মেনে নিতে রাজি নই। এই সত্য দেখানোর সাহসের জন্য চ্যানেল ফোরকে ধন্যবাদ।’

রামিতা জানান, গাজায় ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি ডাক্তার ও স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন এবং ৪ শতাধিক কর্মীকে আটকে রাখা হয়েছে।

বাফটা জয়ী এই নির্মাতারা তাদের এই আন্তর্জাতিক সম্মাননা বর্তমানে ইসরাইলি কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনি চিকিৎসকদের প্রতি উৎসর্গ করেন।

সূত্র : আল জাজিরা