ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়নোর ঘোষণা ট্রাম্পের

কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় ট্রাম্পের বিবৃতি থেকে বোঝা যায় যে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি অনির্দিষ্ট, অন্তত যুক্তরাষ্ট্রের দিক থেকে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়নোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বলেছেন, ইরানের বন্দর অবরোধ অব্যাহত থাকবে।

পূর্বের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে নতুন এ ঘোষণা দিলেন ট্রাম্প। বুধবার (২২ এপ্রিল) আগের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছিল।

ট্রাম্পের ভাষ্যমতে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে মঙ্গলবার এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে—যা অপ্রত্যাশিত ছিল না। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে আমাদের কাছে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে, যাতে তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।’

‘তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলেছি। প্রস্তাব জমা দেয়া এবং আলোচনা কোনো একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি।’

কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় ট্রাম্পের বিবৃতি থেকে বোঝা যায় যে, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি অনির্দিষ্ট, অন্তত যুক্তরাষ্ট্রের দিক থেকে।

এদিকে, ইরান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে।

এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ইরানকে সতর্ক করেছিলেন যে সময় দ্রুত ফুরিয়ে আসছে। হঠাৎ এই অবস্থান পরিবর্তনকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ইসলামাবাদ শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।’ পাকিস্তানে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার কথাও উল্লেখ করেন তিনি।

সূত্র : আল জাজিরা, বিবিসি