ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ারটি ইরানের পর্যবেক্ষণে থাকা পানিসীমার কাছাকাছি চলে এসেছিল।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড
মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড |সংগৃহীত

ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড (ডিডিজি-৬২)-কে সতর্ক সংকেত পাঠিয়ে ইরানি নৌবাহিনী শেষমেশ জাহাজটিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করেছে।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ারটি ইরানের পর্যবেক্ষণে থাকা পানিসীমার কাছাকাছি চলে এসেছিল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনীর তৃতীয় নৌবিমান ইউনিট থেকে একটি দ্রুতগামী হেলিকপ্টার পাঠানো হয় যুক্তরাষ্ট্রের জাহাজটিকে বাধা দিতে। হেলিকপ্টারটি যুদ্ধজাহাজটির কিছুটা ওপর দিয়ে ওড়ে এবং স্পষ্ট রেডিও বার্তায় হুঁশিয়ারি দেয়, ইরানের পর্যবেক্ষণাধীন পানিসীমা থেকে অবিলম্বে সরে যেতে হবে।

কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইউএসএস ফিটজেরাল্ডের (ডিডিজি-৬২) ক্যাপ্টেন হুমকি দেন, হেলিকপ্টারটি যদি তাদের সীমানার কাছাকাছি থাকে তাহলে সেটিকে গুলি করে ভূপাতিত করা হবে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট ঘোষণা দেয়, হেলিকপ্টারটি এখন ইরানের পূর্ণ আকাশ প্রতিরক্ষার আওতায় রয়েছে। ইরানি পাইলট আবারো মার্কিন জাহাজটিকে দিক পরিবর্তনের নির্দেশ দেন। অবশেষে উত্তেজনা প্রশমিত করতে ইউএসএস ফিটজেরাল্ড ওই এলাকাটি থেকে দক্ষিণ দিকে সরে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত মার্কিন সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সূত্র : পার্সটুডে