মার্কিন সেন্ট্রাল কমান্ড গতকাল শনিবার জানিয়েছে, উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানে মার্কিন স্থল সেনা মোতায়েন করা হতে পারে, এমন জল্পনা বাড়তে থাকায় এই মোতায়েনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, জাহাজটি গত শুক্রবার ওই অঞ্চলে পৌঁছায়। সাধারণত এটি জাপানে মোতায়েন থাকে। এ জাহাজটি প্রায় তিন হাজার ৫০০ মেরিন ও নৌ সদস্যের একটি বাহিনীর প্রধান হিসেবে কাজ করছে।
সেন্টকম আরো জানায়, এই বাহিনীতে পরিবহন ও আক্রমণাত্মক যুদ্ধবিমান ছাড়াও উভচর হামলা পরিচালনা ও কৌশলগত অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে।
সেন্টকমের প্রকাশিত ছবিতে জাহাজটির ডেকে একাধিক সিহক হেলিকপ্টার এবং ওসপ্রে বিমান দেখা গেছে, যা সাধারণত সেনা পরিবহনে ব্যবহৃত হয়। এছাড়া একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ছবিও প্রকাশ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, স্থল সেনা মোতায়েন ছাড়াই ইরানে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে ওয়াশিংটন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে এই বিষয়ে অস্পষ্টতা বজায় রেখেছেন এবং বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে যে, তিনি শিগগিরই মধ্যপ্রাচ্যে কমপক্ষে ১০ হাজার সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন।
সূত্র: বাসস


