মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে হরমুজ প্রণালীর একটি মানচিত্র প্রকাশ করেছেন। মানচিত্রটির ওপর লেখা রয়েছে, ‘নতুন মার্কিন ভূখণ্ড’।
আল জাজিরা, মঙ্গলবার (১৮ আগস্ট) জানিয়েছে, এই মানচিত্রকে গত সপ্তাহে দেয়া ট্রাম্পের সেই হুমকিরই পুনরাবৃত্তি বলে মনে হচ্ছে, যেখানে তিনি ইরানের ‘আত্মসমর্পণের’ পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি দিয়েছিলেন।
ট্রাম্পের ওই পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের ‘ভ্রান্ত ধারণা’ শিগগিরই সংশোধন করা হবে।
গারিবাবাদি ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টের জবাবে লেখেন, ‘হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের ভ্রান্ত ধারণা শিগগিরই সংশোধন করা হবে, অথবা এই ভ্রান্ত ধারণায় আক্রান্ত ব্যক্তির ভ্রান্ত ধারণাগুলো আমরা সংশোধন করব।’
ট্রাম্পের প্রকাশিত ছবিতে হরমুজ প্রণালীর পাশাপাশি ইরানের কিছু অংশ, উপসাগর ও ওমান উপসাগরও দেখানো হয়েছে। মানচিত্রটির ওপর ‘নতুন মার্কিন ভূখণ্ড’ কথাটি লেখা রয়েছে।



