ইরানে নতুন হামলা না চালাতে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা

বৈরুতে ইসরাইলের হামলার জবাবে রোববার রাতে উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরপরই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। ওই আলোচনায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালালে ইসরাইল যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৈরুতে ইসরাইলের হামলার জবাবে রোববার রাতে উত্তর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরপরই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়। ওই আলোচনায় ট্রাম্প ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।

অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, “আমি নেতানিয়াহুকে বলেছি, সতর্ক থাকতে হবে। অন্যথায় খুব দ্রুতই তোমরা একা হয়ে যেতে পারো।”

তিনি আরো দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা আর কোনো হামলা চালানোর পরিকল্পনা করছে না। একই সাথে তেহরান ওয়াশিংটনকে অনুরোধ করেছে, যেন যুক্তরাষ্ট্র ইসরাইলকেও নতুন কোনো হামলা থেকে বিরত থাকতে বলে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য অঞ্চলটিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা কমাতে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : আল জাজিরা