ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর কমল তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে, যদিও তা এই সপ্তাহে নয়। তার এই মন্তব্যের পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানে এরইমধ্যে ‘অনেকভাবে জয়ী হয়েছে’, কিন্তু তা ‘যথেষ্ট নয়’ বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে বলেও তিনি মন্তব্য করেছেন।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেয়া থেকে শুরু করে রিপাবলিকান সম্মেলনে বক্তৃতা দেয়া এবং আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং- সবখানেই ইরানকে নিয়ে মন্তব্য করতে ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প।

এ পর্যন্ত ট্রাম্প অপারেশন ‘এপিক ফিউরি’ বা ইরান অভিযান নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে তেমন বিশদ কিছু জানাননি। তবে সামরিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির অগ্রগতিতে তিনি স্পষ্টতই সন্তুষ্ট- মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ও এ পর্যন্ত তাদের সাফল্যের প্রশংসা করেন তিনি।

তিনি দাবি করেন, ‘আমাদের ইসরাইলি অংশীদারদের সাথে আমরা শত্রুকে চূর্ণ করছি প্রযুক্তিগত দক্ষতা ও সামরিক শক্তির এক অভাবনীয় প্রদর্শনের মাধ্যমে।’

যুদ্ধ এই সপ্তাহে শেষ হবে না, তবে ‘খুব শিগগির’

মার্কিন সেনাবাহিনীর ইরানে ‘অভিযান’ কতদিন চলবে- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ অভিযান ‘শিগগির’ শেষ হবে, তবে এই সপ্তাহে নয়।

তিনি বলেন, ‘আমি মনে করি শিগগিরই। ইরানের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্বসহ।’

ট্রাম্প আরো বলেন, ‘যাকে (আয়াতুল্লার স্থলাভিষিক্ত) হিসেবে তারা বলছে, বেশিভাগ মানুষ তার নামই শোনেনি।’

একইসাথে তিনি বলেন, ইরানে ‘যথেষ্ট জয়’ পায়নি যুক্তরাষ্ট্র।

ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের সামনে এটাও বলেন, যুদ্ধ ‘খুবই পূর্ণাঙ্গ, প্রায় শেষের দিকে’।

ট্রাম্প বলেন, ‘আমরা একটি ছোট্ট অভিযান চালিয়েছি, কারণ কিছু খারাপ জিনিস সরিয়ে ফেলতে আমাদের তা করতে হয়েছে। তারপর আপনারা দেখবেন, এটি খুব স্বল্পমেয়াদি অভিযান হবে। আমরা অনেকভাবে ইতোমধ্যেই জয়ী হয়েছি, কিন্তু যথেষ্ট নয়। আমরা আরো দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি চূড়ান্ত বিজয় অর্জনের দিকে- যা এই দীর্ঘস্থায়ী হুমকির চিরসমাপ্তি ঘটাবে।’

ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সর্বোচ্চ সামরিক নেতা কাসেম সোলাইমানিকে হত্যা করার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘সে বেঁচে থাকলে তারা আরো অনেক বেশি সক্ষম হতে পারত। কিন্তু আমরা প্রথমেই তাকে সরিয়ে দিয়েছিলাম।’

ইরানে নেতৃত্ব পরিবর্তনের কথা বলেছিলেন ট্রাম্প। তবে কাকে ক্ষমতায় আনতে চান সে ব্যাপারে তিনি স্পষ্ট কিছু বলেননি আগে।

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার দাবি করার পর যুক্তরাষ্ট্র বলেছিল, যেই তার স্থলাভিষিক্ত হবে তাকেই টার্গেট করা হবে।

গতকাল ট্রাম্প বলেন, ‘এখন কেউই ধারণা করতে পারছে না, দেশটিতে (ইরানে) কারা নেতৃত্বে আসছে’- এর মাধ্যমে তিনি ইঙ্গিত করছেন সম্ভবত, তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে গুরুত্ব দিচ্ছেন না, কিংবা বিমান হামলা কিছুটা শিথিল করতে ইচ্ছুক।

কমল তেলের দাম

এদিকে, যুদ্ধ ‘শিগগিরই শেষ হবে’ ট্রাম্পের এই ইঙ্গিতের পর তেলের দাম কমেছে।

মঙ্গলবার সকালে এশিয়ায় লেনদেনে বিশ্বব্যাপী তেলের দাম কমেছে। ব্রেন্ট প্রায় সাড়ে আট শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫০ ডলার হয়েছে। মার্কিন বাণিজ্যের তেলও প্রায় নয় শতাংশ কমে ৮৮ দশমিক ৮০ ডলার হয়েছে প্রতি ব্যারেল।

তবে সঙ্ঘাতের শুরুর তুলনায় দাম এখনো প্রায় ৩০ শতাংশ বেশি।

সূত্র : বিবিসি