ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব: রয়টার্স

রয়টার্সকে পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন, গত মার্চে ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায় সৌদি আরব। ইরানের পক্ষ থেকে হামলার জবাব হিসেবেই রিয়াদ এই পাল্টা পদক্ষেপ নেয় বলে দাবি তাদের।

নয়া দিগন্ত অনলাইন

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ চলাকালে দেশটিতে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সকে পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন, গত মার্চে ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায় সৌদি আরব। ইরানের পক্ষ থেকে হামলার জবাব হিসেবেই রিয়াদ এই পাল্টা পদক্ষেপ নেয় বলে দাবি তাদের।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এটিই প্রথমবার যখন সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালালো।

তবে সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিমা আরেক কর্মকর্তা জানিয়েছেন, মার্চের শেষ দিকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় সৌদি আরব। পরবর্তীতে সৌদির কূটনৈতিক তৎপরতা ও ওই হুমকির পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর প্রায় এক সপ্তাহ আগেই সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমিত হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বিষয়ে মন্তব্য জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।