ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তেহরানের জান্নাত আবাদ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে (গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩০ মিনিট) ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পুরো বাজার এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং আগুন খুব দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে।
কিছু ফুটেজে দেখা গেছে, আগুনের বিশাল শিখা ভবনের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে কিংবা, ধোঁয়ার কারণে যান চলাচল ধীর হয়ে আসছে।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বাজারটি ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় দোকানিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে মূলত পোশাক-আশাক থেকে শুরু করে নানা ধরনের পণ্য বিক্রি করা হয়।
সূত্র : বিবিসি



