ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি আশা প্রকাশ করেছেন, গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সমস্ত মুসলমানরা খুব শীঘ্রই ঐক্যবদ্ধ হবে এবং একদিন এই মুসলিম উম্মাহর হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে।
ইস্তাম্বুলের ঐতিহাসিক চামলিজা মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
চলমান সঙ্ঘাতের কারণে ফিলিস্তিনিদের দুর্দশার কথা স্মরণ করে এরদোগান বলেন, আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যেসব ভাই-বোনেরা চরম দুঃখ, কষ্ট এবং গভীর বেদনার মধ্য দিয়ে এই খুশির ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি, আমার ও তুর্কি জনগণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সংহতি জানাচ্ছি।
তিনি যোগ করেন, ধর্মীয় উৎসবগুলো মূলত পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সামাজিক সংহতিকে শক্তিশালী করার দিন হলেও এবার গাজার রক্তক্ষয়ী পরিস্থিতি তুরস্কসহ পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদ্যাপনে বিষাদের কালো ছায়া ফেলেছে। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নেতানিয়াহুর মতো গণহত্যাকারী শাসককে একদিন মুসলিমরাই উচিত শিক্ষা দেবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অন্যতম কড়া সমালোচক হিসেবে ভূমিকা রাখছে তুরস্ক। এরদোগান আন্তর্জাতিক মঞ্চে বারবার অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজায় মানবিক সহায়তার পরিধি বাড়ানো এবং ইসরাইলের ওপর কঠোর বৈশ্বিক নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়ে আসছেন।



