কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠকে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।
তিনি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
মাজেদ আল-আনসারি আরো জানান, আলোচনা অব্যাহত রাখতে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী দফার বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে চলমান সংলাপের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো আশা প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় আলি খামেনি নিহত হন। আগামী শুক্রবার (৩ জুলাই) তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



