ইসরাইলের বিমান থেকে ত্রাণ ফেলাকে কূটকৌশল হিসেবে দেখছে হামাস

‘আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক সকল পক্ষকে আহ্বান জানাই, তারা যেন গাজা অবরোধ ভাঙ্গার ও ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য চাপ অব্যাহত রাখে এবং দখলদারদের প্রচারণায় যেন প্রতারিত না হয়।’

নয়া দিগন্ত অনলাইন
হামাসের লোগো
হামাসের লোগো |সংগৃহীত

ইসরাইলের বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি প্রদানকে কূটকৌশল হিসেবে দেখছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার (২৭ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার অনুমোদনকে কূটকৌশল হিসেবে দেখছে। তারা মনে করছে, এর মাধ্যমে ইসরাইল গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহারের আহ্বান এড়িয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে নিজের ভাবমূর্তি উদ্ধারের প্রয়াস পাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল চিন্তা করছে, ত্রাণ সরবরাহ ও করিডোর নিয়ন্ত্রণের মাধ্যমে তারা এমন একটি অনাহার ব্যবস্থা চালু করবে, যা গাজার সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলবে। সেজন্য এখন প্রয়োজন তাদের আগ্রাসন বন্ধ করা, অবরোধ ভেঙ্গে ফেলা এবং সীমান্ত ক্রসিং খুলে দেয়া। যেন জাতিসঙ্ঘের তত্ত্ববধানে ত্রাণ সরবরাহ চালু হতে পারে।

সংগঠনটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিয়ন্ত্রণাধীন ত্রাণকর্মসূচিতে ইতোমধ্যে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো অন্তত ছয় হাজার ফিলিস্তিনি আহত হয়েছে। এটি একটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।

তারা আরো বলেন, আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক সকল পক্ষকে আহ্বান জানাই, তারা যেন গাজা অবরোধ ভাঙ্গার ও ইসরাইলি আগ্রাসন বন্ধ করার জন্য চাপ অব্যাহত রাখে এবং দখলদারদের প্রচারণায় যেন প্রতারিত না হয়।

সূত্র : আল জাজিরা