ইসরাইল ও লেবাননের সামরিক কর্মকর্তাদের মধ্যে ‘ফলপ্রসূ’ বৈঠক

‘আমরা ফলপ্রসূ সামরিক-পর্যায়ের আলোচনা করেছি, যা আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতরের নেতৃত্বাধীন রাজনৈতিক আলোচনায় সহায়ক হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইল ও লেবাননের সামরিক কর্মকর্তাদের মধ্যে ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা
ইসরাইল ও লেবাননের সামরিক কর্মকর্তাদের মধ্যে ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা |সংগৃহীত

ইসরাইল ও লেবাননের সামরিক কর্মকর্তারা ওয়াশিংটনে ‘ফলপ্রসূ’ আলোচনা করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

এই বৈঠক ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার পরিপূরক হিসেবে কাজ করবে বলেও তিনি জানান।

পেন্টাগনের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা এলব্রিজ কলবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আজ পেন্টাগনে আমি ইসরাইল ও লেবাননের সামরিক প্রতিনিধি দলের নিরাপত্তাবিষয়ক আলোচনার জন্য আয়োজন করেছি, যা দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘আমরা ফলপ্রসূ সামরিক-পর্যায়ের আলোচনা করেছি, যা আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতরের নেতৃত্বাধীন রাজনৈতিক আলোচনায় সহায়ক হবে।’

এই বৈঠকটি কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইসরাইল ও লেবাননের সামরিক কর্মকর্তাদের সরাসরি বৈঠক বলে জানা গেছে।

কলবি বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই আবারো এই নিরাপত্তা সংলাপ আয়োজনের পরিকল্পনা করছে।

তবে তিনি ইসরাইল ও লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতির যে চুক্তিটি গত ১৭ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যা কখনোই মানা হয়নি। এ বিষয়ে তিনি কোনো কোনো মন্তব্য করেননি।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেছেন, ইসরাইলি বাহিনী লেবাননের ভেতরে আরো গভীরে অগ্রসর হয়েছে এবং দক্ষিণাঞ্চলে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের টায়ার শহরের তিনটি এলাকায় ইসরাইলি হামলায় এক উদ্ধারকর্মীসহ ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলে সেনা, সেনা ছাউনি ও একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, আলোচনায় অগ্রগতির জন্য প্রথম ও অপরিহার্য ধাপ হিসেবে যুদ্ধবিরতি অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো প্রয়োজন।

সূত্র : এএফপি/বাসস